সিলেটটুডে ডেস্ক | ১৩ সেপ্টেম্বর, ২০১৬
রাজধানীর আট গরু বিক্রেতাকে ট্রাকের উপর মারধর ও ধারালো অস্ত্রের আঘাত করে ১২ লাখ টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় দিকে বাড্ডা থানার ৩শ’ ফিট রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন গরু বিক্রেতা খোকন, বাবর আলী, ছেলে রেজাউল, মামুন, আকবর, শামসুল, মোতাহার ও আহম্মদ।
আহত গুরু বিক্রেতা শামসুল জানান, রাজধানী রামপুরার আফতাবনগর হাটে আমাদের ১২টি গুরু বিক্রি হয়। গরু বিক্রি শেষে টাকা নিয়ে ট্রাকে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেই। যাত্রীবেশে ট্রাকে ওঠা ডাকাতরা ৩শ’ ফিট রাস্তায় ট্রাক পৌঁছালে আমাদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাত করে আমাদের ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক ও টাকা নিয়ে পালিয়ে যায়।
ভোরে আহত অবস্থায় শামসুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অন্যরা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান তিনি।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, গরু ব্যবসায়ীদের কাছ থেকে ১২ লাখ টাকা ডাকাতরা নিয়ে গেছে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।