সিলেটটুডে ডেস্ক | ০২ এপ্রিল, ২০১৫
পর্যাপ্ত নিরাপত্তা পেলে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই রোববার আদালতে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । এমন আভাসই দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে আগামী ৫ এপ্রিল। বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি পৃথক দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৫ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা নিয়েও শুনানি হওয়ার কথা রয়েছে।
খন্দকার মাহবুব বলেন, হাইকোর্টে অনাস্থার দুটি আবেদন শুনানির অপক্ষোয় রয়েছে। তবে এই আবেদনের সঙ্গে আদালতে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আর বের হলে তাকে রাস্তায় রাখা হবে এবং জনবিচ্ছিন্ন করা হবে তিনি আশঙ্কা করেছেন তিনি।
খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, এ মামলা দুটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা চ্যালেঞ্জ করে বলছি, একটি টাকাও আত্মসাৎ করা হয়নি। আর পুলিশ যে চার্জশিট দিয়েছে সেখানেও আত্মসাতের কথা বলা হয়নি। বরং আত্মসাতের প্রচেষ্টার কথা বলা হয়েছে।