সিলেটটুডে ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৬
কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরে ঢাকা থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি করবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ১৫ ফ্লাইটটি আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের
লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কানাডার অন্যতম শহর মন্ট্রিয়লের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন তিনি। সেখানে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেয়া ছাড়াও দ্বি-পাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়লের হায়াত রিজেন্সিতে অনুষ্ঠেয় রিপ্লেসমেন্ট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেলে একই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন।
কানাডার প্রধানমন্ত্রী ও কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেবেন তিনি।