Sylhet Today 24 PRINT

অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে শ্রীলঙ্কা, বিপত্তিতে পর্যটক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

কোনো আগাম নোটিশ না দিয়ে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে শ্রীলঙ্কা। এনিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনারকে তলব করে এর ব্যাখ্যা দাবির প্রেক্ষিতে ওই কর্মকর্তা জানিয়েছেন তিনি এ-সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না।

গালফ টাইমসে প্রকাশিত 'শ্রীলঙ্কা বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে'- এমন একটি খবরের প্রেক্ষিতে শ্রীলঙ্কার কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। এর আগে গালফ টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশকে না জানিয়ে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ করেছে।

কলম্বো গেজেট বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশও এর প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কানদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরাকে তলব করেছে। এ সময় অতিরিক্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করায় অসন্তোষ ব্যক্ত করেছেন এবং এর কারণ জানতে চেয়েছেন। এ বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়েছে।

উত্তরে শ্রীলঙ্কান দূত বলেছেন, তিনি এ বিষয়ে জানেন না, তিনি কলম্বোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জানাবেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এখনও কারণ খোঁজার চেষ্টা করছেন। কেননা তাকে আগে থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা কি শিগগিরই ফিরিয়ে আসা হবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশিরা সব সময়ই স্বাগত। আমরা শ্রীলঙ্কার বাংলাদেশিদের ভ্রমণ উৎসাহিত করি। মানুষে মানুষে এই যোগাযোগ সম্পর্ক উন্নয়নে সাহায্য করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শ্রীলঙ্কার নেওয়া এ সিদ্ধান্ত তাদের বিস্মিত করেছে। শ্রীলঙ্কার সঙ্গে এমন বিবাদহীন বন্ধুত্বের মধ্যে এটা সত্যিই বিস্ময়কর।

ওই কর্মকর্তা এটা জানাতে পারেননি, এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের বেলাতেই নাকি অন্য দেশগুলোর ক্ষেত্রেও ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, যে কারণেই সিদ্ধান্তটি আসুক সেটি আমাদের জানিয়ে নেওয়া উচিত ছিল। ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে তিনি মাহিন লঙ্কা মারফত তথ্য পেয়েছেন। এ সংস্থাটি কলম্বো ও ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা চালু থাকার কারণে দুই দেশের অনেক পর্যটক দেশ দুটিতে ভ্রমণ করে থাকেন। কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক পর্যটক এবারের ঈদে বেশ বিপত্তিতে পড়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.