সিলেটটুডে ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০১৬
সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন গুরুতর আহত আরও একজন।
নিহতরা হচ্ছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের মুন্সী বাড়ির হাদিউর রহমান ওরফে ছরফুর মিয়ার ছেলে বর মাওলানা আবু সুফিয়ান (২৬),আবদুর রশিদের ছেলে বরের বাবা হাবিবুর রহমান ছরফুর মিয়া (৫৫),আপন কাকা মুর্শিদুর রহমান(৪২),মুর্শিদুর রহমানের শিশুপুত্র ৫ম শ্রেণীর ছাত্র আলী হোসেন (১২),চাচাতো দাদা হাজী আম্বর আলীর ছেলে আবদুল মুকিত চৌধুরী,চাচাতো কাকা আবদুল মজিদের ছেলে সাইদুর রহমান (৪০),মামা মফিজ মিয়ার ছেলে দুরুদ মিয়া (৪৮),আত্মীয় আবদুল হামিদের ছেলে হাজি আবদুল হান্নান(৫৫)। এ ঘটনায় মারাত্মক আহত বরের ছোট ভাই কলেজ ছাত্র তারিকুল ইসলাম ও মাইক্রোবাস চালক ফরহাদ হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এই খবর নিশ্চিত করে বলেছে, ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে, আহত আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী নোয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের ১০ যাত্রীর ৭ জনই ঘটনাস্থলে নিহত হন। এই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাইক্রোবাসের অপর যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ ও ব্রাক্ষ্মনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এনা পরিবহন বাসের ৫ যাত্রী আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।