Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় পরিবারের ৮ সদস্যসহ ছাত্র জমিয়ত নেতা আবু সুফিয়ান নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ'র কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানসহ তাঁর পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন। নিহতের মধ্যে সুফিয়ানের পিতা ও বড় ভাই রয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী এনা পরিবহনের একটি যাত্রীবাহী  বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী নোয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের ১০ যাত্রীর ৭ জনই ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে মারা যা আরো একজন। এই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ এবং একটি শিশু রয়েছে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এই খবর নিশ্চিত করে বলেছে,   ঘটনাস্থল থেকে  সাতটি লাশ উদ্ধার করা হয়েছে, আহত আরও অনেকে।

মাইক্রোবাসের অপর যাত্রীদের  উদ্ধার করে হবিগঞ্জ ও ব্রাক্ষ্মনবাড়িয়া  সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এনা পরিবহন বাসের ৫ যাত্রী আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে সংগঠনের ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দিন খান সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীর কাছে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.