Sylhet Today 24 PRINT

তিন দিনে সড়কে ঝরল ৩১ প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

ঈদের পরদিন থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনেই দেশের সড়ক ও মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত ও প্রায় দুই শতাধীক মানুষ আহত হয়েছেন।

এরমধ্যে বুধবার ঈদের পরদিন  দিনাজপুরে বাস উল্টে নারী-শিশুসহ চারজন,  ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যান ও মিনিবাসের সংঘর্ষে তিনজন মারা যায়।


একইদিন রাজধানী ঢাকায় বেপরোয়া এক মাতাল যুবকের প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ যায় এক বৃদ্ধ দম্পতির।

এছাড়া বুধবারই চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই জন, ঝালকাঠিতে এক কিশোর ও সিরাজগঞ্জে এক পুলিশ কনস্টেবল নিহত হবার খবর পাওয়া যায়।

এদিকে ঈদের চতুর্থ দিন শুক্রবারই টাঙ্গাইল, ব্রাক্ষ্মণবাড়িয়া, মাদারিপুর ও সুনামগঞ্জে পৃথক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

এরমধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে।
মৌলভীবাজার থেকে বরযাত্রী নিয়ে ঢাকামুখী একটি নোয়া মাইক্রোবাসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে বর ও তার দুইভাই সহ ৮ জন মর্মান্তিকভাবে নিহত হন।


ব্রাহ্মণবাড়িয়া (ঢাকা-সিলেট মহাসড়ক)
শুক্রবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশংকাজনক।

নিহতরা হচ্ছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের মুন্সী বাড়ির হাদিউর রহমান ওরফে ছরফুর মিয়ার ছেলে বর মাওলানা আবু সুফিয়ান (২৬),আবদুর রশিদের ছেলে বরের বাবা হাবিবুর রহমান ছরফুর মিয়া (৫৫),আপন কাকা মুর্শিদুর রহমান(৪২),মুর্শিদুর রহমানের শিশুপুত্র ৫ম শ্রেণীর ছাত্র আলী হোসেন (১২),চাচাতো দাদা হাজী আম্বর আলীর ছেলে আবদুল মুকিত চৌধুরী,চাচাতো কাকা আবদুল মজিদের ছেলে সাইদুর রহমান (৪০),মামা মফিজ মিয়ার ছেলে দুরুদ মিয়া (৪৮),আত্মীয় আবদুল হামিদের ছেলে হাজি আবদুল হান্নান(৫৫)। এ ঘটনায় মারাত্মক আহত বরের ছোট ভাই কলেজ ছাত্র তারিকুল ইসলাম ও মাইক্রোবাস চালক ফরহাদ হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আলী আরশাদ  জানান, " ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরের শশই এলাকায় এনা  পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।"

দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।


টাঙ্গাইল

শুক্রবার ভোরে জেলার কালিহাতী উপজেলার পুংলীতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাস উল্টে নারীসহ ৫ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা গ্রামের আব্বাস আলীর ছেলে আহসান হাবিব (১০), মুস্তাফিজের স্ত্রী আসমা বেগম (৪০), পাটগ্রামের মমিনুর রহমান (৩৫), রিপন (৩০) ও সুমন মিয়া (২৫)।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, লালমনিরহাট থেকে ঢাকামীগামী একটি বাস পুংলী ব্রিজের কাছে এলে ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই এক নারী ও দুই পুরুষ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দু'জনের মৃত্যু হয়।

আহত ১৪ জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


মাদারীপুর
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রর সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত  হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজৈর থানার এসআই  রমজান হোসেন জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কালিবাড়িতে মাহিন্দ্র পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দু'জন নিহত ও ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জন মারা যান।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এসআই  রমজান হোসেন।

সুনামগঞ্জ

এদিকে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় বাসের ধাক্কায় নুরি মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নুরি মিয়া পাগলাবাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঈদ মৌসুমে  ফিটনেসবিহীন গাড়ি, চালকের অনুপস্থিতিতে আনকারো সহকারি দিয়ে গাড়ি চালানো এবং ফাঁকা রাস্তা পেয়ে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় এসব দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.