Sylhet Today 24 PRINT

আজ থেকে দেশে ফিরছেন হাজীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে আজ (শনিবার) দেশে ফিরতে শুরু করছেন বাংলাদেশি হাজীরা। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরছেন তারা।

শিডিউল অনুযায়ী সৌদি আরবের শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় বিমানের হজ ফ্লাইট (বিজি ২০১২ ) ৪১৯ জন হাজী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

দুই এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। সৌদি আরব থেকে হাজীদের ফেরত আনতে ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন পাঁচ হাজার ১৮১ জন এবং অন্যরা গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। এই হজযাত্রীদের বহন করে বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স। গত ৪ আগস্ট বাংলাদেশ থেকে ৪০১ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট যায় বিমানের।

এয়ারলাইন্সটির সর্বশেষ হজ ফ্লাইট যায় গত ৬ সেপ্টেম্বর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কয়েক বছর ধরে হাজিদের সুবিধার জন্য সিটি চেকিং শুরু করেছে। অর্থাৎ ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগে মক্কায় এবং ফ্লাইট ছাড়ার ৩৬ ঘণ্টা আগে মদিনায় যাত্রীর লাগেজ বিমান গ্রহণ করবে। ওই সময়ের আগেই মক্কার মিসফালা, আজিজিয়া ও মদিনার লাগেজ কাউন্টারে মালামাল জমা দেওয়া এবং গাইডকে ফ্লাইট নম্বর ও হাজির সংখ্যা আগেই জানানোর অনুরোধ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অবঃ) এ এম মোসাদ্দেক আহমেদ বলেন, হাজীদের বহনে সৌদির জেদ্দা বিমানবন্দরে সার্বক্ষণিক একটি টিম রয়েছে।

তিনি জানান, জেদ্দা বিমানবন্দর থেকে বিমানের লাগেজ গ্রহণ করা হবে না। একজন হজযাত্রী বিনা ভাড়ায় সর্বোচ্চ ৪৬ কেজি মালামাল বহন করতে পারবেন। একটি লাগেজের ওজন ৩০ কেজির বেশি হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.