Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর প্রত্যর্পণ ‘সুরাহায় রাজি’ বাংলাদেশ-কানাডা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি এস এইচ বি এম নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুরাহায় পৌঁছাতে বাংলাদেশ ও কানাডা সম্মত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক খবরে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডা সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা ও অটোয়া ঐকমত্য হয়।

পররাষ্ট্র সচিব বলেন, দু’দেশের কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়ে নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনার উপায় বের করবেন। আলোচনার লক্ষ্যই হবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের জন্য নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা।

তিনি বলেন, সরকার বিভিন্নভাবে নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে একটি নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

শহিদুল হক আরো বলেন, জঙ্গিবাদ ইস্যুকে দুই নেতা একটি ‘বৈশ্বিক সমস্যা’ হিসেবে অভিহিত করেছেন।

তারা বলেছেন, একসাথে কাজ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।

পররাষ্ট্র সচিব বলেন, কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের জঙ্গি বিরোধী অবস্থান এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযানের ভূয়সী প্রশংসা করেন।

দু’দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ ও গার্মেন্টস পণ্যের রপ্তানির মতো অন্যান্য বিষয়ে নিয়েও আলোচনা করেন।

জাস্টিন ট্রুডো শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করে জানান, তিনি শিগগিরই বাংলাদেশে আসবেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.