Sylhet Today 24 PRINT

আইএসে যোগ দিতে এবার দেশ ছাড়ল এক তরুণ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৫

এবার বাংলাদেশ থেকেই একজনের জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দেয়ার খবর পাওয়া গেল। সিরিয়াভিত্তিক উগ্র ধর্মীয়  সংগঠন আইএসে (ইসলামি স্টেট) যোগ দিতে দেশ ছেড়েছেন এক বাংলাদেশি তরুণ। তাঁর নাম আশেকুর রহমান (২১)। তিনি ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের ছাত্র বলে জানা গেছে ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সিরিয়ায় যাওয়ার লক্ষ্যে তিনি টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে তুরেস্ক গিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। তাঁকে খুঁজে পেতে তুরস্ক সরকারেরও সাহায্য চাওয়া হয়েছে ইতিমধ্যে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ১১ মার্চ চিঠি দিয়ে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রকৌশল বিভাগের ছাত্র আশেকুর রহমান গত ২১ ফেব্রুয়ারি একটি সম্মেলনে অংশগ্রহণের কথা বলে তুরস্কের ইস্তাম্বুলে যান। ২৭ ফেব্রুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি দেশে না ফিরে ইস্তাম্বুল থেকে নিরুদ্দেশ হয়ে যান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে জানা যায়, একটি সম্মেলনে অংশগ্রহণের কথা বলে ঢাকার তুরস্ক দূতাবাস থেকে আশেকুর ভিসা নিয়েছিলেন। ভিসা আবেদনের সঙ্গে দেওয়া কথিত সম্মেলনের সব কাগজপত্র ছিল ভুয়া। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আশেকুর যে তুরস্ক গেছেন, তা পরিবারের সদস্যরা জানতেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, পূর্বাপর বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে তুরস্কের পার্শ্ববর্তী সিরিয়ায় জঙ্গি-সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের অভিপ্রায়ে আশেকুর ইস্তাম্বুলে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরুদ্দেশ হয়েছেন। এই তরুণের সন্ধানলাভের জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে তুরস্ক সরকারকে অনুরোধ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আশিকুর রহমানের বিষয়টি তাঁরা শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সম্প্রতি ব্রিটেন থেকে বাংলাদেশী বংশোদ্ভূত কয়েকজনের এই উগ্রবাদী সংগঠনের যোগ দেয়ার খবর পাওয়া গেলে দেশ থেকে নির্দিষ্টভাবে একজনের যোগ দেয়ার খবর পাওয়া গেল ।

এব্যাপারে জানতে চাওয়া হলে নিরাপত্তা বিশ্লেষক ও সমাজতাত্ত্বিকরা বলেছেন - এটি খুবই উদ্বেগের বিষয়, আইএস এর মত উগ্রবাদী সংগঠনের বাংলাদেশী নাগরিকদের যোগদানের খবর ভয়াবহ বার্তা দেয়। সরকারকে উগ্রবাদী নির্মূলে কঠোর ভাবে পরিস্থিতি পর্যবেক্ষনের অনুরোধ জানান তারা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.