Sylhet Today 24 PRINT

এমপি জয়কে ফেসবুকে হত্যার হুমকি, আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জাতীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে ফেসবুকে হুমকি দেয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ফেসবুক ম্যাসেজের সূত্র ধরে হুমকিদাতা ও তার সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন স্থানীয় বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাব্বির শিকদার (১৪)  এবং সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রুমান আহমেদ (১৭)।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংসদ সদস্যের ফেসবুক আইডির ইনবক্সে এ হুমকি দেওয়া হয়। শুক্রবার রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে এমপি জয় সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এমপি অনুপম শাহজাহান জয় জানান, সাব্বির শিকদার নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে আমাকে অশালীন ভাষায় গালিগালাজসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি আইন-শৃংখলা বাহিনীকে জানিয়ে সাধারণ ডায়েরি করেছি।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, হুমকিদাতা ফেসবুক আইডি ব্যবহারকারী সাব্বির শিকদার ও তার সহযোগী রুমান আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.