Sylhet Today 24 PRINT

দেশের কৃষাণীদের দেওয়া হবে স্মার্টফোন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের কৃষাণীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বেসরকারি সংস্থা ‘অক্সফাম’ দেশের ১০০ কৃষাণীকে স্মার্টফোন দিয়েছে। এর প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ প্রশংসাযোগ্য। আমরাও কৃষাণীদের স্মার্টফোন দেবো।

পলক বলেন, মধ্যস্বত্তভোগীর কারণে কৃষি থেকে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়। উৎপাদক বা কৃষকরা ভালো দাম পান না। এজন্য আমরা ই-শপ চালু করতে যাচ্ছি। দেশের ৬৪ জেলায় এই শপের মাধ্যমে ১ হাজার উদ্যোক্তা তৈরি করা হবে।

তিনি বলেন, মোবাইলসহ অন্যান্য ইলেক্ট্রনিক পণ্যগুলোর দাম কম হওয়ায় সবার হাতে হাতে পৌঁছে গেছে। তাই কৃষির উন্নয়ন করতে হলে আমাদের কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এজন্য সবার আগে প্রয়োজন ডিজিটাল কনটেন্ট তৈরি করা। যেহেতু কৃষিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মরত, তাই তথ্য প্রযুক্তির সঙ্গে নারীদের যোগাযোগ থাকা দরকার।

বৈঠকে উপস্থিত ছিলেন বেসিস এর সভাপতি মোস্তফা জব্বার, কৃষি গবেষক জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক খন্দকার শাহনেওয়াজ সাব্বির, অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রফেসর মার্ক ওযালা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.