Sylhet Today 24 PRINT

জাতিসংঘ অধিবেশনে যোগদানে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কানাডার মন্ট্রিয়ল থেকে একটি ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ার কানাডার ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্কের লা ‍গোর্ডিয়া এয়ারপোর্টে অবতরণ করে। 

সফরকালে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

বিমানবন্দরে পৌছার পর প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরকালীন আবাসস্থল নিউইয়র্কের হোটেল ওয়াল্ডোর্ফ অস্টোরিয়াতে নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.