Sylhet Today 24 PRINT

এমপিকে হুমকির দায়ে নবম শ্রেণির ছাত্রের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

টাঙ্গাইলের এমপি অনুপম শাহজাহান জয়কে প্রাণনাশের হুমকির অভিযোগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
দণ্ডপ্রাপ্ত সাব্বির সিকদার উপজেলার প্রতিমাবংকী গ্রামের শাহিনুর আলমের ছেলে এবং বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
 
টাঙ্গাইল-৮ আসনের (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেজে প্রাণনাশের হুমকির ঘটনায় তাকে এ সাজা দেয়া হয়।
 
সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সাব্বির সিকদার নামের একজন তার ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক আইডিতে ম্যাসেজ দিয়ে অশালীন গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়।
 
এ বিষয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হলে রাতেই তাকে আটক করে পুলিশ।
 
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে হুমকির কথা স্বীকার করায় সাব্বিরকে ২ বছরের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.