Sylhet Today 24 PRINT

‘দেড় কোটি ডলার আইদার পেয়ে গেছি অর পাচ্ছি আজকালের মধ্যে’

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার (১২০ কোটি টাকা) বাংলাদেশ দুই-একদিনের মধ্যে ফেরত পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, "এটা বোধহয় আইদার আমরা পেয়ে গেছি অর পাচ্ছি আজকালের মধ্যে। আমার মনে হয় আমরা পেয়েই গেছি। রিজার্ভের চুরি যাওয়া অর্থ যেসব দেশে আছে, তারা যদি সংগ্রহ করতে পারে তাহলে আমরা তা সহজেই পাবো।"

এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফিলিপাইনের একটি আদালত। লোপাট হওয়া অর্থের অধিকাংশ জুয়ার টেবিলে চলে গেলেও তার মধ্যে দেড় কোটি ডলার ফিলিপাইন সরকার উদ্ধার করেছে। ওই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে সোমবার আদালতের আদেশ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এই খবর আসার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে লোপাট হওয়া পুরো অর্থ পাওয়ার আশা প্রকাশ করা হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোকাম্মেল হক বলেন, "ফিলিপাইনের রিজিওনাল ট্রায়াল কোর্ট আজ শুনানি শেষে ইতোপূর্বে বাজেয়াপ্ত ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত ৪ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ৪৮৮ দশমিক ২৮ মিলিয়ন পেসো (দেড় কোটি ডলার) বাংলাদেশের অনুকূলে অবমুক্ত করার আদেশ জারি করেছেন।"

এবছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের অর্থ সরানো হয়েছিল ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি)। ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে ফিলিপাইন সরকারের তৎপরতায় দেড় কোটি ডলারের সন্ধান মেলার পর তা জব্দ করা হয়। ওই অর্থ রাখা হয় ফিলিপাইনের বিচার বিভাগের তত্ত্বাবধানে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে ওই অর্থের মালিকানা দাবি করে ফিলিপাইনের আদালতে আবেদন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.