Sylhet Today 24 PRINT

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে উদ্যোগ নিলো সরকার

নিউজ ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৫

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে স্থানান্তর এবং বাংলাদেশে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ লক্ষ্যে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাহবুব আলম জিবুতির উদ্দেশে কুয়েত ত্যাগ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিবুতিতে কাউন্সিলর মাহবুব আলমের সঙ্গে +৯৬৫ ৯৯৫ ৭৪ ২০৩ মোবাইল নম্বর ও ই-মেইলে mahbub50@yahoo. com ঠিকানায় যোগাযোগ করা যাবে।

এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়া সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি হটলাইন চালু করা হয়েছে। একটি হলো : লুতফর রহমান, মহাপরিচালক, কনস্যুলার ও কল্যাণ। ফোন নম্বর +৮৮ ০১৭২ ৬২ ৬০ ৯৬৭ ও ই-মেইল dgcnw@mofa. gov.bd এবং অপরটি হলো : এম জামাল হোসেন, পরিচালক, এম আর পি, কল্যাণ ও কনস্যুলার। ফোন নম্বর +৮৮ ০১৭১১ ৩৮০ ৩৭৪ ও ই-মেইল dircnmrp@mofa.gov.bd।

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের আত্মীয়-স্বজনকে উপরের উল্লেখিত নম্বরে যোগাযোগের মাধ্যমে তথ্য প্রদান করে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেনে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, এঁদের বেশির ভাগ অর্থাৎ এক হাজারের মতো রয়েছেন এডেনে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় এডেন আপাতত নিরাপদ রয়েছে।
এখন পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.