Sylhet Today 24 PRINT

বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় চুক্তি সই

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা কাজের চুক্তি সই হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে সই করে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি কোম্পানি লিমিডেট।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের সদর দপ্তরে এই চুক্তি সই হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী ও নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তোশিকাজু কামবারা চুক্তিতে সই করেন।

পরে সাংবাদিকের প্রশ্নে এহসানুল গণি চৌধুরী বলেন, ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা কাজ শেষ হবে। এর জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১২০ কোটি টাকা ব্যয় করা হবে। এই কাজের মধ্যে আছে সম্ভাব্যতা যাচাই, স্থান নির্ধারণ, বিমানবন্দরের মাস্টারপ্ল্যান প্রণয়ন।

কোন জায়গায় বিমানবন্দর হতে পারে এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর না দিয়ে এহসানুল গণি চৌধুরী বলেন, সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনা করা হচ্ছে। জাপানি পরামর্শক প্রতিষ্ঠানই চূড়ান্ত স্থান ঠিক করবে।

সমীক্ষায় অংশ নেওয়া জাপানি নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান এহসানুল গণি চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.