সিলেটটুডে ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ফিলিপাইনের একটি আদালত। বাকি ৬ কোটি ৬ লাখ মার্কিন ডলার ফেরত আনার বিষয়ে আলোচনা করতে ফিলিপাইন যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী।
আগামী মাসেই আইনমন্ত্রী আনিসুল হক এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ম্যানিলা যাবেন বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, চুরি যাওয়া বাকি অর্থ ফিরিয়ে আনার কৌশল নির্ধারণ করতেই দুই মন্ত্রী ফিলিপাইন সফর করবেন। চলতি সেপ্টেম্বর মাসের ২৮-২৯ তারিখে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের একটি ব্যাংকে সরিয়ে নেওয়া হয়।