সিলেটটুডে ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০১৬
রাজধানীর শ্যামপুরে উজালা ম্যাচ ফ্যাক্টরিতে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
আব্দুল্লাহ’র মা আয়েশা বেগম জানান, তারা শ্যামপুর আলিবহর এলাকায় ভাড়া থাকেন। তিনি ওই এলাকার একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফিরে তিনি তার ছেলেকে দেখতে না পেয়ে আশে-পাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয় এক মহিলা তাকে জানান, আব্দুল্লাহকে উজালা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা গেছে। তিনি সেখানে ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আয়েশা বেগম দাবি করেন, তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।