Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতা হত্যার প্রধান আসামীও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী!

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গেছেন হত্যা মামলার এক আসামী। তিনি মাসুদ পারভেজ খান (ইমরান)। কুমিল্লার শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী ইমরান।

ব্যবসায়ী প্রতিনিধি দলের হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন মাসুদ পারভেজ।

মাসুদ পারভেজ খান ওরফে ইমরান খান কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফজল খানের ছেলে।

কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান আফজাল।

জানা যায়, ২০১৫ সালের ১১ এপ্রিল শনিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত সাইফুল ইসলাম ১২ এপ্রিল রবিবার সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক সহ-সভাপতি (ভিপি) জহিরুল ইসলাম বাদী হয়ে ১২ এপ্রিল রবিবার কুমিল্লা কোতোয়ালী থানায় ২২জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আসামী হিসেবে রয়েছেন কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ খান, তার ভাই নাসরুল্লাহ খান, আদর্শ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী রিয়াজ মাহমুদ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, জেলা ছাত্রলীগের কর্মী ইমন ভূঁইয়া, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মীর সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান।
এরা সবাই রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফজল খানের অনুসারী বলে জানা গেছে।

এদিকে মামলার প্রধান আসামী মাসুদ পারভেজ খান গত ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০এ আমিরাত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১০ দিনের সফরে প্রধানমন্ত্রীর বিশেষ সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং ১০ দিনের সফর শেষে ২৭ সেপ্টেম্বর একই ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।

খুন হওয়া ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম

এ ব্যাপারে যোগাযোগ করা হলে এই মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নোয়াখালী’র সহকারি পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, “মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এখন পর্যন্ত মামলার চার্জশিট দাখিল করা হয়নি। এ মামলায় ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছে তবে অন্যতম প্রধান আসামী মাসুদ পারভেজ খানকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তার অবস্থান সম্পর্কেও আমরা জানিনা। '

আলোচিত এই মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো উদ‌্যোগ না থাকায় ক্ষুব্ধ সরকার সমর্থক ছাত্র সংগঠনটির কুমিল্লার নেতারা।

কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, “পুলিশের নাকের ডগা দিয়ে আসামিরা ঘোরাফেরা করছে, অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।”

যুক্তরাষ্ট্রের সফরে থাকা ইমরানকে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে বিভিন্ন ছবিতে দেখা গেছে। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বাংলাদেশের প্রতিনিধি কার্ড নিয়ে দর্শক সারিতে ছিলেন বলে প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছেন। অধিবেশন কক্ষে সেলফিতেও দেখা গেছে ইমরানকে।

ইমরানের সঙ্গে নিউ ইয়র্কে দেখা গেছে সাইফুল হত‌্যাকাণ্ডের আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা আতিকুর রহমান পিন্টুকেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.