Sylhet Today 24 PRINT

১৫ অক্টোবর ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

আগামী ১৫-১৬ অক্টোবর ভারতে ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের শেষ দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। মোদি ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য বৈঠক হতে পারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গেও। এসব নেতাদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করার কথা তাঁর।

ব্রিকসের সদস্য দেশগুলো হল- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে এই জোটটির চেয়ারম্যান ভারত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের কারিগরি ও অর্থনৈতিক জোট বিমসটেকের সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।

কিছুদিন আগে ভারতের পক্ষ থেকে ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। এ সম্মেলনে যোগ দেওয়ার আগে ১৪ অক্টোবর ঢাকায় আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ঢাকা থেকেই পরদিন ভারতে যাবেন তিনি। শেখ হাসিনাও একই দিনে গোয়া পৌঁছুবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.