Sylhet Today 24 PRINT

বগুড়ায় জেএমবি সদস্যাদের স্বীকারোক্তিতে অস্ত্র-গুলি উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

বগুড়ায় রিমান্ডে থাকা দুই জেএমবি সদস্যের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে জেলার সোনাতলা উপজেলার বালুয়াহাটা গ্রামে অবস্থিত জেএমবি সদস্য সুলতান মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

দুপুরে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বলেন, উপজেলার বালুয়াহাটা গ্রামের মৃত একরামুল হকের ছেলে সুলতান মাহমুদ (৪৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহাদৎ হোসেন ওরফে রতন (২৩) নামে দুই জেএমবি বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরো জানান, সুলতান মাহমুদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুবাপুরি গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.