সিলেটটুডে ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০১৬
আইএস সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তারের পর বাংলাদেশে ফেরত পাঠানো ফেনীর পিয়ার আহমেদ আকাশের গুলশান হামলায় এখনো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গুলশান হামলায় আকাশের জড়িত থাকার অভিযোগ উঠলেও তদন্তে জড়িত থাকার বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায়নি।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আছাদুজ্জামান মিয়া বলেন, ফেনীর একটি থানার অস্ত্র মামলায় ওয়ারেন্ট জারি ছিল আকাশের বিরুদ্ধে। কিন্তু ওই সময় সে মালয়েশিয়ায় অবস্থান করছিল। পরে ইন্টারপোল ও মালয়েশিয়া পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
আছাদুজ্জামান বলেন, “মালয়েশিয়ার পত্রিকায় কী উঠেছে জানি না। তবে আমাদের তথ্যপ্রমাণ যেটা রয়েছে, সেটা হচ্ছে হলি আর্টিজানের ঘটনার সঙ্গে পিয়ার আহমেদ আকাশের কোনো ধরনের যোগসূত্র এখন পর্যন্ত পাইনি।
“আন্তর্জাতিক পত্রিকায় তাকে নিয়ে যেসব খবর এসেছে, সেগুলো আমরা যাচাই করে দেখব। পিয়ারের জঙ্গিবাদের সম্পৃক্ততার কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে জানাননি।”
শুক্রবার মালয়েশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক স্টারের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়, ৩৯ বছর বয়সী এই বাংলাদেশি কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে একটি রেস্তোরাঁ চালাতেন। ঢাকার গুলশান হামলায় জড়িতদের একজনের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল।
মালয়েশিয়ার পুলিশ তার নাম প্রকাশ না করলেও ইন্টারপোলের নোটিসের কথা জানিয়েছিল। আর তিনিই যে ফেনীর আকাশ, তা নিশ্চিত করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ওই বাংলাদেশি গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত যে সন্দেহভাজনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলা হচ্ছে, তার নাম আন্দালিব আহমেদ।
মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসের সাবেক ছাত্র আন্দালিব ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ায় থাকার পর ইস্তাম্বুলে পাড়ি জমান বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।