Sylhet Today 24 PRINT

ইউনেস্কোর প্রশ্নের জবাব দেবে সরকার, প্রকল্পও চলবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরিবেশের ক্ষতির শঙ্কায় এই প্রকল্পে আপত্তি জানিয়ে ইউনেস্কোর বিবৃতির পর প্রতিক্রিয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ইউনেস্কোর সুপারিশ সত্ত্বেও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ​ প্রকল্প বন্ধ করা হবে না। তবে ইউনেস্কোর পর্যবেক্ষণ ও প্রশ্নের জবাব দেবে সরকার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, "সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ করে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্ককো।"

এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। এই প্রেক্ষিতে বিদ্যুৎ​ প্রতিমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎ​প্রকল্প চলবে। এখন পর্যন্ত এই প্রকল্প বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, ইউনেস্কো তাদের প্রতিবেদনে যে পর্যবেক্ষণ ও প্রশ্ন উত্থাপন করেছে, সে ব্যাপারে জবাব দেবে সরকার। তারপর ভবিষ্যৎ পরিস্থিতি বুঝে সরকার সিদ্ধান্ত নেবে।

নসরুল হামিদ বলেন, সরকার প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব যাচাই-বাছাই করে কীভাবে পরিবেশের ওপর তার প্রভাব কমানো যায় তা নিয়ে একটি সঠিক সমাধান খুঁজে বের করবে।

গত মার্চে বাংলাদেশ সফর করে যাওয়া ইউনেসকোর তিন সদস্যের বিশেষজ্ঞ দল। ওই দল সরকারকে দেওয়া প্রতিবেদনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ​ প্রকল্প বন্ধ করে তা অন্য স্থানে সরিয়ে নিতে অনুরোধ জানায়। প্রতিবেদনে তারা বলেছে, এখনই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা অন্তর্ভুক্ত করবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.