সিলেটটুডে ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০১৬
কানাডার সাংবিধানিক বাধা সত্ত্বেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এএইচএমবি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউট মিলনায়নে যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারবিভাগীয় কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে বলেই আলোচনা চলছে। বঙ্গবন্ধুর দুই খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যার পর দেশ ত্যাগ করেন খুনি নূর চৌধুরী। তিনি বর্তমানে কানাডার টরন্টোতে আছেন। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে নূর চৌধুরীর ফাঁসির রায় হয়।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৮ জানুয়ারি কার্যকর হয় বঙ্গবন্ধুর পাঁচ খুনি ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিউদ্দিনের ফাঁসি। এ মামলায় আরো মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আবদুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। দন্ডিত অপরজন আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে।