Sylhet Today 24 PRINT

গুলশানে জঙ্গি হামলা মামলায় ৬ দিনের রিমান্ডে রিগ্যান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আটক জঙ্গি রাকিবুল ইসলাম রিগ্যানকে ছয়দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির জঙ্গি রিগ্যানকে হাজির করেন। এসময় গুলশানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন স্টর্ম-২৬-এ আহত অবস্থায় আটক হয় রিগ্যান। এ ছাড়া অভিযানে সন্দেহভাজন নয়জন জঙ্গি নিহত হয়।

কল্যাণপুরের এ জঙ্গিদের সঙ্গে গুলশান হামলার সম্পৃক্ততা পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এজাহার থেকে জানা যায়, ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী ও রেস্তোরাঁর এক কর্মী।

এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

এ ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ নয়জন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিভিন্ন সময়ে প্রত্যক্ষদর্শী হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.