Sylhet Today 24 PRINT

ফুলের পাপড়ি বিছানো রাজপথ দিয়ে যাবে প্রধানমন্ত্রীর গাড়ি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তাকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণের পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এ সংবর্ধনার বিশেষ আকর্ষণ হিসেবে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাজপথে বিছানো হবে ফুলের পাপড়ি, যার ওপর দিয়ে যাবে প্রধানমন্ত্রীর গাড়ি।

রোববার রাজধানীর হোটেল ঈশা খাঁয় ঢাকা মহানগর আওয়ামী লীগের এ যৌথ সভায় এমন সিদ্ধান্তের কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বদরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। তাই তিনি দেশে ফিরলে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাজপথে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে সংবর্ধনা জানানো হবে।’

প্রধানমন্ত্রীর কর্মদক্ষতা তুলে ধরে তিনি বলেন, ‘গোটা বিশ্ব আজ জঙ্গিবাদে আক্রান্ত। মার্কিন সরকার পর্যন্ত জঙ্গিবাদ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী মাত্র দুই মাসের মধ্যে দেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদমুক্ত করেছেন, যার ফলে নিরাপত্তাহীনতার কারণে যেসব বিদেশী ব্যবসায়ী চলে গিয়েছিলেন, তারা আবারো ফিরে আসতে শুরু করেছেন।’

অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আগে দেশে প্রাকৃতিক দুর্যোগ হলে বিদেশীদের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু এখন আর আমরা রিলিফের আশায় থাকি না। বরং বিদেশকেই সাহায্য দিয়ে থাকি। এই যে কিছুদিন আগে নেপালে ভূমিকম্প হলো। তখন আমরা ২০ হাজার টন চাল সাহায্য পাঠিয়েছি।’

সভায় আওয়ামী লীগের কৃষি ও সমবায়-বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সামনে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। বিএনপি-জামায়াত কিন্তু বসে নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে বরাবরের মতোই ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি ও জামায়াতকে প্রতিহত করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে।’

প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করার জন্য হাতি, ঘোড়া ও ব্যান্ডের ব্যবস্থা করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন ঢাকা মাহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বদরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাকে এমন সংবর্ধনা দেয়া হবে, যা হবে স্মরণকালের সেরা সংবর্ধনা।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, যুগ্ম সম্পাদক দিলীপ রায়, সহসভাপতি আলমগীর চৌধুরী, আবুল বাশার, হুমায়ুন কবীর, আওলাদ হোসেন, মজিবুল হক সরদার, আবু আহমেদ মান্নাফি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.