Sylhet Today 24 PRINT

সীমিত পরিসরে আবার কার্যক্রম শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

দুই মাস বন্ধ থাকার পর সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিস। সকাল থেকে চলছে ঢাকার ফুলার রোড, চট্টগ্রাম, সিলেট এবং উত্তরার টিচিং সেন্টারের নিয়মিত কার্যক্রম। তবে সাময়িকভাবে বন্ধ রয়েছে গুলশান ও ধানমন্ডির টিচিং সেন্টারগুলোর কার্যক্রম।

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলাসহ সাম্প্রতিক জঙ্গি তৎপরতার ঘটনার পর গত ২৭ জুলাই ‘নিরাপত্তাজনিত’ কারণে বন্ধ করে দেয়া হয়েছিলো বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের সবগুলো অফিস।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম সে সময় এক বিবৃতিতে বলেন, “আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জনসমাগমস্থলে নিজেদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলের কর্মী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে আমাদের অফিস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”


রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি ২০১৭ সেশনের পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনসের জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, যা ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে। আর যারা প্রাইভেট ক্যান্ডিডেট, তারা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট (www.britishcouncil.org.bd) থেকে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

অক্টোবর ও নভেম্বরের আইইএলটিএস পরীক্ষার তারিখও ঠিক হয়েছে জানিয়ে ব্রিটিশ কাউন্সিল বলেছে, প্রার্থীরা আইইএলটিএস এর ওয়েবসাইটে গিয়ে (ielts.britishcouncil.org) নিবন্ধন করতে পারবেন। এছাড়াও, ব্রিটিশ কাউন্সিলের সকল ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.