Sylhet Today 24 PRINT

ট্যাম্পাকোর মালিক লেচু মিয়ার ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের ট্যাম্পাকো ফয়েল কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত এবং আহত শ্রমিকদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে কারখানার মালিক মকবুল হোসেন লেচু মিয়ার  ব্যাংক অ্যাকাউন্ট জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) একটি রিট আবেদন করে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর সংঘটিত অগ্নিকাণ্ডে ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে কারখানার মালিক সিলেট বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.