সিলেটটুডে ডেস্ক | ২৬ সেপ্টেম্বর, ২০১৬
প্রধানমন্ত্রীকে লেখা চিঠি তুলে দেয়া হয়েছে পটুয়াখালীর স্কুলছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের হাতে। সোমবার (২৬ সেপ্টেম্বর) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শীর্ষেন্দুকে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি তার হাতে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উচ্ছ্বসিত শীর্ষেন্দুর শিক্ষক, সহপাঠী ও স্বজনরা।
শীর্ষেন্দুর মা শীলা রাণী সন্নামত বলেন, “বিশ্বাসই হয় না প্রধানমন্ত্রী আমার ছেলের চিঠির উত্তর দিয়েছেন! তিনি (প্রধানমন্ত্রী) চিঠির জবাব দেওয়ায় আমরা ভীষণ খুশি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী শীর্ষেন্দুর চিঠির জবাব দেওয়ায় আমরা খুব আনন্দিত। আমরা শীর্ষেন্দুকে নিয়ে গর্বিত।”
চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এসে পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী স্কুলছাত্র শীর্ষেন্দুর পড়ালেখার দায়িত্ব নেবার ঘোষণা দিয়ে বলেন, “শীর্ষেন্দু পায়রা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখে। প্রধানমন্ত্রী তার চিঠি পেয়ে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এখন থেকে শীর্ষেন্দুর পড়ালেখার খরচ জেলা প্রশাসন বহন করবে।” এছাড়া জেলা প্রশাসক পরিষদের পক্ষ থেকেও শীর্ষেন্দুকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মৃধা শীর্ষেন্দুর লেখাপড়ার জন্য ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, পায়রা নদী পারাপারে জনসাধারণের দুর্ভোগ লাঘবে গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে ব্রিজ নির্মাণের দাবি জানায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস। প্রধানমন্ত্রী তার চিঠির জবাবে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন ও শীর্ষেন্দুর সচেতনতার প্রশংসা করেন। ৮ সেপ্টেম্বর লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি ২০ সেপ্টেম্বর শীর্ষেন্দুর স্কুলে পৌঁছায়।