Sylhet Today 24 PRINT

তামাবিল সীমান্তে বিজিবি-বিএসএফ এর উচ্চ পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক এবং পেশাগত যোগাযোগ আরো জোরদার ও সু-সংহত করার লক্ষে তামাবিল সীমান্তে বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও বিজিবি-বিএসএফ স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে সমন্বয় সভায় প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের পক্ষে নোডাল অফিসার বিজিবি’র উত্তরপূর্ব রিজিয়ন মোহাম্মদ আতিকুর রহমানসহ ৩ সদস্য’র প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে নোডাল অফিসার বিএসএফ মেঘালয়ের শ্রী সুশিল কুমার সহ ৩ সদস্য’র প্রতিনিধি দল।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমন্বয় সভায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সু-সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করার পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত এলাকায় এক যোগে কাজ করার জন্য একমত পোষণ করেন।

এর আগে সকালে ভারতীয় বিএসএফ’র প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারপর বিকেলে কুশল বিনিময়ের মাধ্যমে ভারতীয় প্রতিনিধি দলকে তামাবিল সীমান্ত দিয়ে বিদায় জানায় বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.