সিলেটটুডে ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০১৬
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়টি আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির দুই নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
আটককৃতরা হলেন আমিনুল ইসলাম ও মনির বেন আলী।
জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে তারা ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে গ্রিন চ্যানেলে মালামালসহ তাদের তল্লাশি করা হয়। তাদের কাছে থাকা একটি কার্টনের ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এগুলোর ওপর ‘স্মল ফায়ার আর্মস’ লেখা রয়েছে।
বিকেলে বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন কর্মকর্তারা।