অনলাইন ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০১৬
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভা ও ছাত্রলীগের আনন্দ মিছিল স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৮০ বছর পেরুনো এই লেখক। লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে চার মাস চিকিৎসা নিয়ে গত আগস্টে ফেরার পর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৫ এপ্রিলে লন্ডনে যাওয়ার পর সৈয়দ হকের ক্যান্সার ধরা পড়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন বুধবার। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। দিনটি উদযাপনে বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা ও সকালে ছাত্রলীগের আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান শেষে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ সেপ্টেম্বর উত্তর আমেরিকার দুটি দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে তিনি ঢাকা ত্যাগ করেন।