সিলেটটুডে ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৬
দুর্নীতির মাধ্যমে গম বিক্রি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সফিক-উর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি গণমাধ্যমকে জানান।
দুদকের পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে সফিক-উর রহমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
সূত্র জানায়, সফিক-উর রহমান ১৯৯৮ সালে কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) থাকাকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বিতরণ না করে বিক্রি করে দেন।
এ ঘটনায় সফিক-উর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে সাত কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।