Sylhet Today 24 PRINT

বাংলাদেশে স্কুলগামী প্রায় ৭৭ ভাগ শিশু পর্নোগ্রাফিতে আসক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ ভাগ পর্নোগ্রাফি দেখে। দেশে তৈরি এই পর্নোগ্রাফিগুলোতে যাদের ভিডিও দেখানো হচ্ছে, তাদের বয়স ১৮ এর কম। এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

শনিবার (১ অক্টোবর) ‌মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেস ক্লাবে ‌‌‌‌‌'বাংলাদেশ শিশু পরিস্থিতি, সংবাদপত্র বিশ্লেষণ ও বিশেষজ্ঞ অভিমত' উপস্থাপন করে।

এমজেএফ এর শিশু সুরক্ষা কার্যক্রমের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, ‌"ঢাকার ৫০০ স্কুলগামী শিক্ষার্থীর ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭৭ ভাগ শিশু নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। তারা সুস্থ যৌন শিক্ষার বিপরীতে একটি বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠছে।"

তিনি আরও বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে পর্নোগ্রাফির সঙ্গে সম্পর্কিত দু'শ শব্দের ওপর সংরক্ষণ দেওয়া আছে। কেউ ওই শব্দগুলো লিখে ‌সার্চ দিলে সার্ভারে নোটিফিকেশন যায়। অনুমোদন ছাড়া ওই সব সাইটে ঢোকা যায় না। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরি।"

গবেষণা বলছে, চারটি পদ্ধতিতে অশ্লীল ভিডিও তৈরি হচ্ছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে তৈরি পর্নোগ্রাফির চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে তৈরি পর্নো ভিডিও মানুষ বেশি দেখছে। এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ১৮ বছরের কম বয়সী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।

আবদুল্লাহ আল মামুন বলেন, "অভিভাবকেরা শিশুদের দামি মুঠোফোন, ট্যাব ও সেগুলোয় ইন্টারনেট সংযোগ দিচ্ছেন। কিন্তু তারা কি কাজে এগুলো ব্যবহার করছে, সে সম্পর্কে খোঁজখবর করছেন না। এদিকে নজর দেওয়া জরুরি।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.