সিলেটটুডে ডেস্ক | ০২ অক্টোবর, ২০১৬
রাষ্ট্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা বিসিকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ: ইফতিখারকে।
নতুন কর্মস্থলে তিনি যোগ দিয়েছেন বলে রোববার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিসিকে যোগদানের আগে ইফতিখার এনজিও ব্যুরোর মহা-পরিচালক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান), এলএলএম ও যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
ইফতিখারের জন্ম জয়পুরহাট জেলায় ১৯৬০ সালে।