সিলেটটুডে ডেস্ক | ০৪ অক্টোবর, ২০১৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে আহত করা অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই স্পষ্ট। তিনি কাউকে ছাড় দেন না। সরকারি দল হোক আর যে দলের হোক, যেই মতের লোক হোক, আমাদের যে পর্যায়ের লোক হোক। কাউকে তিনি (প্রধানমন্ত্রী) ছাড় দেন না, আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন।"
তিনি বলেন, "আমি আপনাদের জোর গলায় বলতে পারি, অপরাধীকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করবো।"
উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকালে সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে কলেজছাত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন শাবিপ্রবি শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল। গুরুতর আহত অবস্থায় তাকে এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই গণধোলাইয়ের শিকার বদরুলকে পুলিশ আটক করে। তাকে একমাত্র আসামি করে মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর চাচা আব্দুল কুদ্দুস শাহপরান থানায় মামলা দায়ের করেন।