Sylhet Today 24 PRINT

চাকা ফেটে ট্রাক খাদে, নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (৫ অক্টোবর) সকাল ৬টার দিকে  ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকের পেছনে সিমেন্টের উপর বসা ছিলেন।

নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পাবনার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬০)।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক কালিহাতীর যোকারচরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.