Sylhet Today 24 PRINT

পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, থাকবে আর্চ ওয়ে ও সিসিটিভি ক্যামেরা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, রাজধানীর ২২৬টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ কমিটি আইন-শৃঙ্খলা ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আর্চ ওয়ে ও ক্লোজ সার্কিট ক্যামেরাও (সিসিটিভি) থাকবে। প্রত্যেকটি মণ্ডপে পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকধারী বিভিন্ন বাহিনীর কর্মীরা দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার বলেন, পূজা চলাকালে ব্যাগ, ছুরি, কাঁচি ও দাহ্য পদার্থ নিয়ে মণ্ডপে প্রবেশ করা যাবে না। এরইমধ্যে অধ্যাদেশ জারি করে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও কেউ পটকা বা আতশবাজি ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঢাকেশ্বরী থেকে যে প্রধান শোভাযাত্রা বের হবে, তাতে অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে হবে। এখান থেকে শোভাযাত্রা বের হওয়ার পর পথে নতুন কেউ শোভাযাত্রায় ঢুকতে পারবেন না। পুরো শোভাযাত্রাকে ঘিরে থাকবে কড়া নিরাপত্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.