Sylhet Today 24 PRINT

মামলার ভয় দেখিয়ে ঘুষ আদায়, ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

রাজধানীতে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগে চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ এ তথ্য জানান।

বরখাস্তকৃতরা পুলিশ সদস্যরা হলেন- দারুসসালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক শ্যামল দাস বংশী, কনস্টেবল কামরুল ইসলাম ও ফয়েজ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে বাসের টিকিট কিনতে যান ব্যবসায়ী চৌধুরী মশিউর রহমান। সেখানে তার গতিরোধ করেন দারুসসালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক শ্যামল দাস বংশী, কনস্টেবল কামরুল ইসলাম ও ফয়েজ। সন্দেহভাজন হিসেবে তার দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়ার দাবি করেন তারা। এর পর মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা ঘুষ চান ওই চার পুলিশ। শেষ পর্যন্ত ১০ হাজার টাকা ও গহনা দিয়ে ওই রাতে মাদক মামলা থেকে রক্ষা পান মশিউর।

ঘটনা তদন্তে ডিএমপির উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.