সিলেটটুডে ডেস্ক | ০৫ অক্টোবর, ২০১৬
রাজধানীর বেইলি রোডে মন্ত্রীদের জন্য নতুন অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে। এ ভবনের নাম দেয়া হয়েছে ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’।
বুধবার (৫ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ভবনের প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ২ হাজার ২৪৮ বর্গফুট। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা। ছয়তলা এ ভবনে ১০ জন মন্ত্রী বসবাস করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মন্ত্রীদের জন্য নির্মাণাধীন এ ভবনের প্রতিটি ফ্ল্যাটে চারটি শয়নকক্ষ, ডাইনিং-ড্রয়িংরুম ছাড়াও ১ হাজার ৪০০ বর্গফুটের অফিস কক্ষ থাকবে। দর্শনার্থীদের জন্য থাকবে পৃথক অপেক্ষা কক্ষ। নিচতলায় থাকবে ২৭টি গাড়ি পার্কিং-এর সুবিধা। এ ভবন নির্মাণ করতে সময় লাগবে দুই বছর।
গণপূর্ত মন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র আট ভাগ আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও বহুতল ভবনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।