Sylhet Today 24 PRINT

কাশিমপুর কারাগারে খুনের আসামির ফাঁসি কার্যকর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৫

গাজিপুরের কাশিমপুর কারাগারে জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীর দণ্ড কার্যকর করা হয়েছে।  কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার  মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১১টা ১মিনিটে আজিজুল হক বাচ্চু (৩৫) নামের ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়।বাচ্চু কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পিটুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।  নাটোরে জোড়া খুনের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।

গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান,  অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম দণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন।
নাটোরের বড়ইগ্রাম থানার জলমন্দ গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে বাচ্চু মনোহারি ব্যবসা করতেন। ২০০৫ সালের ফেব্রুয়ারির এক সন্ধ্যায় তিনি বাড়ির মালিকের ঘরে ঢুকে তার দুই মেয়ে পাখি খাতুন ওরফে চাঁদনী (১৩) ও দেড় বছরের সুমাইয়া খাতুনকে ছুরি মেরে হত্যা করেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।কারা কর্মকর্তা মিজানুর বলেন, বাচ্চু বাড়ির মালিক নুরুলের এক বোনকে বিয়ের প্রস্তাব দিলে তা নাকচ হয়। বোনের বিয়ের পরে নুরুলের বড় মেয়ে চাঁদনীকে বিয়ের প্রস্তাব দেন  বাচ্চু।

“এতেও প্রত্যাখ্যাত হয়ে বাড়িওয়ালার দুই মেয়েকে হত্যা করেন তিনি।”

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে  ওই বছর ২৮ নভেম্বর বাচ্চুকে মৃত্যুদণ্ড দেয় নাটোরের দায়রা জজ আদালত। ২০১১ সালের ১০ জানুয়ারি হাই কোর্ট  এবং ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগেও দণ্ড বহাল থাকে।এরপর বাচ্চু প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে গত ৪মার্চ তা খারিজ হয়। এর দুই দিনের মাথায় তার দণ্ড কার্যকর হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.