Sylhet Today 24 PRINT

স্বাক্ষর করা খারিজ আদেশের অপেক্ষায় কারাগার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৫

বিচারপতিদের স্বাক্ষরের দিকে তাকিয়ে আছে এখন দেশের মানুষ, সংবাদমাধ্যম আর কারা কর্তৃপক্ষ। বিচারপতিদের স্বাক্ষর করা রিভিউ খারিজ আদেশের 'চূড়ান্ত কপি' কারা কর্তৃপক্ষ'র কাছে না পৌঁছানোয় জামায়াত নেতা যুদ্ধাপরাধী  কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সুনির্দিষ্ট সময় এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই দণ্ড কার্যকরের সবধরনের প্রস্ততি কারা কর্তৃপক্ষ নিয়ে রেখেছে বলেও জানানো হয়।

সোমবার উচ্চ আদালতে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্তের পরপরই 'দণ্ড কার্যকরে' কারা কর্তৃপক্ষের জোর তৎপরতা শুরু হয়। সকালে দেয়া আদেশের কপি কারা অভ্যন্তরে না পৌঁছালেও দণ্ড কার্যকরের প্রক্রিয়া হিসেবে স্বজনদের সাথে সাক্ষাৎ, ভেতরের এম্বুলেন্স ও কফিন ঢুকানো, কারাগার এলাকার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করতে দেখা যায় কারা কর্তৃপক্ষ-কে।

সোমবার সন্ধ্যায় কামারুজ্জামানের স্বজনরা তার সাথে সাক্ষাত করে বেরিয়ে যাবার পর কারা কর্তৃপক্ষ জানায়, বিচারপতিদের স্বাক্ষর করা 'রায়ের কপি' হাতে পেলেই দণ্ড কার্যকরে পরবর্তী পদক্ষেপ নেয়া সম্ভব হবে।

বিচারপতিরা রিভিউ খারিজ আদেশে আজ মঙ্গলবার স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা হলেও কখন করবেন সে ব্যাপারে কোন ধারণা করা যাচ্ছেনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.