Sylhet Today 24 PRINT

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের প্রতি সহানুভূতি কেবল এইচআরডব্লিউর!

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৫

আবারও বিবৃতির মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের প্রতি সহনাভূতি জানাল বিতর্কিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিই যত দৃষ্টি নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থার। তারা আবারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে। এর আগে তারা যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির সময়ে এমন দাবি জানিয়েছিল। যুদ্ধাপরাধীদের ব্যাপারে সহানুভূতি জানালেও রাজনৈতিক নাশকতায় বাংলাদেশে শতাধিক মানুষ পুড়িয়ে মারার ব্যাপারে তেমন কোন বিবৃতি দিতে দেখা যায়নি এই সংস্থাকে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিচার প্রক্রিয়াকে 'দ্বিধান্বিত' হিসেবে উল্লেখ করে পুরো মামলার নতুন ও নিরপেক্ষ রিভিউ দাবি করেছে তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এইচআরডব্লিউ এ দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, 'গুরুতর ত্রুটিপূর্ণ বিচার সত্ত্বেও ৬ এপ্রিল, ২০১৫ তারিখে কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন বাংলাদেশের সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার পথ প্রশস্ত হলো।'

 বিবৃতিতে বলা হয়, 'রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি ২০১৫ সালের ৫ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ডের রায়ের স্বাধীন রিভিউ চেয়ে আবেদন করেন। মেরিট ভিত্তিতে তার আবেদনের শুনানি না করে দেশটির সর্বোচ্চ আদালত সংক্ষিপ্ত আদেশে আবেদন খারিজ করেন এবং মৃত্যুদণ্ড বহাল রাখেন।'

এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, 'বাংলাদেশ সরকারের উচিত মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করা। আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে মৃত্যুদণ্ড অসংগতিপূর্ণ। মৃত্যুদণ্ড অপরিবর্তনীয় ও নিষ্ঠুর শাস্তি।

যদিও ৪ বছরেরও দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সবগুলো সুযোগ সুবিধা গ্রহণ করতে পেরেছেন দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান। বিভিন্ন অজুহাতে একের পর এক শুনানি পিছিয়ে বিচারকে দীর্ঘায়িত করার অভিযোগও ছিল তাঁর আইনজীবিদের বিরুদ্ধে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.