Sylhet Today 24 PRINT

কামারুজ্জামানের রিভিউ রায়ের খসড়া লেখা শেষ, বাকি কেবল স্বাক্ষর(আপডেটেড)

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের আপীল পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশের পূর্নাঙ্গ কপির খসড়া লেখা সম্পন্ন হয়েছে। এটি এখন প্রধান বিচারপতি এস কে সিনহা সহ ৪ বিচারপতির কাছে নিয়ে যাওয়ার পর বিচারপতিরা এটি অনুমোদন করেছেন বলে জানা গেছে।

উচ্চ আদালত সূত্রে জানা গেছে, এমনিতে রিভিউ খারিজের আদেশ সংক্ষিপ্ত আকারে প্রকাশের রীতি থাকলেও এক্ষেত্রে ঘটছে ব্যতিক্রম। বিচারপতিরা তাঁদের পূর্নাঙ্গ আদেশ প্রকাশ করবেন। সেজন্য বিচারপতি সৈয়দ শামসুদ্দিন আহমদকে দায়িত্ব দেয়া হয়েছিল , তিনি রায়ের খসড়া লিখে শেষ করেছেন মঙ্গলবার সন্ধার পরে।

খসড়া কপি অনুমোদন করলেও তাতে বিচারকগণ স্বাক্ষর করেননি এখন, বুধবার সকালে স্বাক্ষর করতে পারেন বলে জানা গেছে। মূলত বিচারপতিদের স্বাক্ষরিত কপি যাবে কারা কর্তৃপক্ষের কাছে। এরপরই রায় কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ। 

এর আগে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত সোমবার সকাল ৯টায় কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করেন পর দণ্ড কার্যকর নিয়ে আলোচনা শুরু হয়, কারাগারে নেওয়া হয় প্রস্তুতি।

একাত্তরে আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসি বহাল চূড়ান্ত রায় দেয়। সেই চূড়ান্ত রায়ে রিভিউ আবেদন করেও গত সোমবার খারিজ হন কামারুজ্জমান। 

এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.