Sylhet Today 24 PRINT

দুর্গোৎসবে বিদায়ের সুর, আজ প্রতিমা বিসর্জন

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মণ্ডপে। সিলেট বিভাগে প্রায় আড়াই হাজার পূজা মণ্ডপে এবার দুর্গোৎসবের আয়োজন করা হয় যার মধ্যে সিলেট জেলায় ৫৮৩ এবং সিলেট মহানগর এলাকায় ৬৩টি মণ্ডপ রয়েছে।  

বিশুদ্ধ পঞ্জিকামতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসছেন। আর দেবী স্বর্গলোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে। বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও জাতীয় দৈনিকগুলো এই দিন উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছে।

বিজয়া দশমীয় কর্মসূচির মধ্যে রয়েছে পূজা আরম্ভ সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপণ ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৪৯ মিনিটে। সকাল ১১টায় বিজয়া দশমীর বিহিত পূজা। এরপর বিকাল থেকে শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। রাত ৯টা অবধি প্রতিমা বিসর্জন কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পালের দেয়া তথ্য অনুযায়ী , এবার ঢাকা বিভাগে ছয় হাজার ৩৯৩টি, বরিশাল বিভাগে এক হাজার ৬০১টি, রাজশাহীতে তিন হাজার ৩১৫টি, খুলনায় চার হাজার ৬৩২টি, ময়মনসিংহে এক হাজার ৮৫৪টি, চট্টগ্রাম বিভাগে চার হাজার ১৫০টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ১০টি, সিলেটে দুই হাজার ৪৪০টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।


গত শুক্রবার (৭ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তেমন কোন আইন-শৃঙ্খলা জনিত সমস্যা ছাড়াই এবার এই উৎসব সম্পন্ন হতে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.