Sylhet Today 24 PRINT

কওমী মাদ্রাসা অ্যান্ড ইট’স সিসটেম আর টেরিবলি ডেঞ্জারাস- মুহিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৫

কওমী মাদ্রাসা আমাদের কাছ থেকে কোনো অর্থায়ন নেয় না। যার ফলে তারা আমাদের নিয়ন্ত্রণেও নাই। কওমী মাদ্রাসা অ্যান্ড ইট’স সিসটেম আর টেরিবলি ডেঞ্জারাস- বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এনজিও প্রতিনিধি সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এম এ মুহিত বলেন, ‘বর্তমান মাদরাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আলিয়া মাদরাসার শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য আনা হয়েছে। একটি সাধারণ শিক্ষা ব্যবস্থায় যা থাকে, এখন আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাতেও তাই আছে। সেখানে শুধু অতিরিক্ত হিসাবে আরবি, কোরআন, হাদিস ইত্যাদি পড়ানো হয়। তাই আলিয়া মাদরাসা শিক্ষা স্বাভাবিকভাবেই হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমান কওমী মাদরাসা ও তার শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর বিপজ্জনকভাবে রয়েছে। তারা আমাদের (সরকারের) কাছ থেকে কোনো অর্থায়ন নেয় না। যার ফলে তারা আমাদের নিয়ন্ত্রণেও নাই। কিন্তু পরবর্তী সময়ে এই মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা হবে কিনা তা সরকার ভাববে।’ 

প্রাক-বাজেট এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়্যারম্যান আবু নাসের খান, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, বিশিষ্ট মানবাধিকার কর্মী এ্যারোমাদত্ত, নারী নেত্রী খুশি কবির এবং সালমা খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.