সিলেটটুডে ডেস্ক | ১৩ অক্টোবর, ২০১৬
তিন পার্বত্য জেলায় পাঁচ বাঙালি সংগঠনের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাসের প্রতিবাদে ও বান্দরবানের গ্রেপ্তার হওয়া বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
আজ বৃহস্পতিবার ও আগামী রোববার দুই দফায় ২৪ ঘণ্টা করে হরতাল চলবে।
এদিকে হরতালের জন্য রাঙামাটি শহরের ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, কাঁঠালতলি, ফিশারি ঘাট, পুরাতন বাসস্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
হরতাল পালনকারী সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতা-কর্মীরা ভোর থেকে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মো. সাঈদ তারিকুল হাসান জানান, হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।