Sylhet Today 24 PRINT

চালু হল ‘বিডি পুলিশ হেল্পলাইন’ অ্যাপ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন একটি অন্ড্র্যয়েড অ্যাপস চালু হয়েছে। ‘বিডি পুলিশ হেল্পলাইন’ অ্যাপটি অন্ড্রয়েড স্মার্ট ফোনের জন্য হলেও শীঘ্রই এর আইওএস ভার্সনও ছাড়া হবে।  ওই অ্যাপসের  ব্যবহারকারীর যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট থানা থেকে শুরু করে পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

অনুষ্ঠানে আইজিপি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে পুলিশের কাজে গতিশীলতা আসবে। সরাসরি জবাবদিহি নিশ্চিত হবে।

আইজিপি বলেন, এই অ্যাপসে কোনো তথ্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এলে (মেট্রোপলিটন ছাড়া) এ তথ্য সংশ্লিষ্ট সার্কেল পুলিশ সুপার, পুলিশ সুপার (এসপি), উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ হেডকোয়ার্টার্সে আসবে।

একইভাবে মেট্রোপলিটন এলাকায় কোনো অভিযোগ করা হলে অভিযোগটি সংশ্লিষ্ট ওসি, জোনাল এসি, উপকমিশনার (ডিসি), পুলিশ কমিশনার ও পুলিশ হেডকোয়ার্টার্সে আসবে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করতে পারবেন। এবং অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও সংশ্লিষ্ট ওসি এই অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেবেন। অভিযোগকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগের ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন। এতে জবাবদিহি নিশ্চিত হবে।

ময়মনসিংহ ও জামালপুরে পাইলট প্রকল্প শেষ করে অ্যাপসটি সারা দেশে চালু করা হয়েছে। ব্যবহারকারীরা বেনামে অথবা নির্দিষ্ট নাম ও পাসওয়ার্ড ব্যবহার করেও অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.