Sylhet Today 24 PRINT

এবার লেখক মইনুল আহসান সাবেরকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকির একদিনের ব্যবধানে সাহিত্যিক মইনুল আহসান সাবেরকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 আনু মুহাম্মদকে যে নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই একই নম্বর থেকে সাহিত্যিক ও লেখক সাবেরকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।  এই খবর মইনুল আহসান সাবের নিজেই নিশ্চিত করেছেন।
 
বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মইনুল আহসান সাবের লিখেছেন,  আনু মুহাম্মদকে যে নাম্বার থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই একই নাম্বার থেকে আজ সন্ধ্যায় আমার কাছে বার্তা এসেছে, Welcome to our new top list. You will be killed today or tomorrow! -- ISIS আইসিসের কাছে এতটা মূল্যবান হয়ে ওঠার কারণ বুঝতে পারছি না।'

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয় অধ্যাপক আনু মুহাম্মদকে। যে ফোন নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়েছে সেই নম্বরটি হলো 01629967551। এ বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, ‘সমাজে যারা প্রশ্ন তোলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, এ কাজ তারাই করতে পারে বলে আমার ধারণা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.